জানেন ভাবি, গতকাল আমার ছেলেকে তার…
ইয়াছিন নাইম১৮ সেপ্টেম্বর ২০২৬১ মিনিট পড়া"জানেন ভাবি, গতকাল আমার ছেলেকে তার গার্লফ্রেন্ড এক লাখ টাকা দামের ঘড়ি গিফট্ করেছে।" বলতে বলতে মিসেস রুমা তাঁর বান্ধবী জাহানারাকে নিজের ফোনের স্ক্রিনে একটা ঘড়ির ছবি দেখান।
এদিকে ঘড়ি দেখে জাহানারার বুকের ভেতরে মোচড় দিয়ে ওঠে। কারণ গত পরশু তিনি হুবহু একইরকম একটি ঘড়ি এক লাখ তেরো হাজার টাকা দিয়ে কিনে নিজের স্বামীকে গিফট করেছিলেন!
"আমি একটু আসছি ভাবি।" বলেই নিজের ঘরের দিকে তীব্র গতিতে ছুটে যান জাহানারা। আলমারি খুলে দেখেন সর্বনাশ হয়ে গেছে। ঘড়িটা নেই!
তিনি আবার রুমার কাছে ফিরে আসেন। আবেগ দমিয়ে রেখে বলেন, "আপনার ছেলের গার্লফ্রেন্ডের নাম কী ভাবি?"
রুমা আমতা আমতা করে বলেন, "পুরো নাম তো জানি না ভাবি। শুধু আমার ছেলের ফোনে দেখেছি তানিয়া নামে সেভ করা।"
ব্যাস! জাহানারার আর বুঝতে বাকি নেই যে, তার মেয়েই নিজের বাপের ঘড়ি চুরি করে বয়ফ্রেন্ডকে গিফট করেছে। এ-নিয়ে তাঁর খুব খারাপ লাগছে আবার ভালো লাগছে এই ভেবে যে, গতকাল তাঁর মেয়েও একটি দামী শাড়ি গিফট পেয়েছে। শাড়িটা নিশ্চয়ই রুমার ছেলেই দিয়েছে!
"আমার মেয়েটাও কম যায় না ভাবি। গতকাল সেও তার বয়ফ্রেন্ডের কাছ থেকে ষাট হাজার টাকা দামের শাড়ি গিফট পেয়েছে।" বলে তিনি ফোনে শাড়িটির ছবি দেখান।
এবার শাড়ির ছবি দেখে রুমার ভেতর মোচড় দিয়ে ওঠে। কারণ, তিনদিন আগে তিনি হুবহু একইরকম শাড়ি ষাট হাজার টাকা দিয়ে কিনেছেন! শখের শাড়ি!
রুমা এবার দ্রুত পায়ে নিজের ঘরের দিকে ছুটে যাচ্ছিলেন তখন জাহানারা ডেকে উঠলেন, "কোথায় যাচ্ছেন ভাবি? ওই শাড়িটা আপনি খুঁজে পাবেন না। কারণ ওটা এখন আমার মেয়ের ঘরের আলমারিতে আছে।"
এটা শুনে রুমা বোকার মতো ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকেন, "কী বলেন ভাবি?"
"এটাই সত্যি। আমার মেয়ে যেমন তার বাবার ঘড়ি চুরি করে আপনার ছেলেকে উপহার দিয়েছে তেমনি আপনার ছেলে আপনার শাড়ি চুরি করে আমার মেয়েকে উপহার দিয়েছে।"
রুমা থ হয়ে আছেন। এবার তিনি বোকার মতো বললেন, "তার মানে আমার ছেলে যে মেয়েটির সাথে প্রতিদিন এক্সট্রা ক্লাস করে ওটা আপনারই মেয়ে!"
অতঃপর কিছুদিন পর দুই চোরের বিয়ে।
#চোরের_বিয়ে
মো. ইয়াছিন