ছোটগল্প

কালকে এক রিকশাওয়ালা মামা বলতেছে

ইয়াছিন নাইম১৫ অক্টোবর ২০২৬২ মিনিট পড়া

কালকে এক রিকশাওয়ালা মামা বলতেছে,

"মামা, বিয়া করছেন?"

বললাম, "না।"

আমার দিকে অদ্ভুত ভঙ্গিতে তাকালো।

"বিয়া করেন নাই? তাইলে তাড়াহুড়া কইরা বাসায় যাইয়া কী করবেন?"

"বউ ছাড়া কোনো কাজ থাকতে পারে না?"

"কী যে কন না মামা! বউয়ের চাইতে বড়ো কাজ কিছু হয় নাকি? বিয়া তো করেন নাই তাই জানেন না। আমার বউ আমারে যেই ভালোবাসা দেয় এইটা যদি আপনে দেখেন তাইলে এখনি কাউরে ধইরা বিয়া কইরা লাইবেন।"

"তাই নাকি?"

"আরে হ মামা। আমি তো দশ বছর ধইরা ভাতই খাই না।"

"কী বলেন?"

"জানতাম আপনে বিশ্বাস করবেন না। কিন্তু এইটাই সত্য। আমার ভাত খাইতেই হয় না। আমার বউ তিনবেলা নিজের হাতে আমারে খাওয়ায় দেয়। অবশ্য আপনে এইসব বুঝবেন ক্যাম্নে? আপনের তো বউই নাই।"

"এখনি বিয়েশাদির কথা ভাবছি না।"

কথাটা বলতেই উনি রিকশা থামিয়ে দিলো। নেমে আমার মুখোমুখি দাঁড়িয়ে বলল,

"এইটা কী কইলেন মামা? বিয়া যে কী মজা তা কি আপনে জানেন? অবশ্য জানবেন ক্যাম্নে, আপনের তো বউই নাই।"

"আচ্ছা রিকশায় বসেন। চালাতে চালাতে কথা বলেন।"

উনি আবার প্যাডেল দিতে শুরু করল। মাঝেমাঝে ফিরে তাকায় আর জ্ঞান দেয়।

"মামা, আপনে হয়তো বিশ্বাস করবেন না। আমার বউ আমারে কী যে আদর করে। মনে করেন এখন যদি ঘরে যাই, পাগলের মতো দৌড়ায়া আইব। শাড়ির আঁচল দিয়া আমার কপালের ঘাম মুইছা দিব। অবশ্য আপনে এইসব বুঝবেন ক্যাম্নে! বিয়া তো করেন নাই।"

"মামা একটু সাবধানে চালান।"

"সাবধানেই চালাই মামা। তয় বউডার কথা মনে পড়লে আর টিকতে পারি না। মনে হয় উইড়া তার কাছে চইলা যাই। এখন যদি আমারে পাইতো, হাতটা ধইরা আমার মুখে ঠাণ্ডা শরবত তুইলা দিত। আহারে! বউয়ের হাতের শরবত তো খাননাই। খাইলে বুঝতেন।"

"আপনার বউ কি আপনাকে খুব আদর করে?"

মাথা ঘুরিয়ে চোখ বড়োবড়ো করে তাকালো আমার দিকে।

"কী কইলেন মামা? আদর? আরে আদর, সোহাগ, ভালোবাসা কী দেয় না আমারে? অবশ্য আপনে তো বিয়া করেন নাই। বুঝবেন ক্যাম্নে? মামা, বিনা পয়সায় ভালো বুদ্ধি দিতাছি বিয়াডা কইরা ফালান। তারপর দেখবেন খালি সুখ আর শান্তি।"

"এখানে ব্রেক দিচ্ছেন কেন?"

"মামা, ওইটা আমার বাসা। তেলটা দিয়াসি।"

বলে রিকশা থেকে নামতেই যাবে, এমন সময় রাগে আগুন হয়ে থাকা এক মহিলা তেড়ে আসলেন। তাকে দেখে রিকশাওয়ালা মামা বোকার মতো তাকালো আমার দিকে।

মহিলা আমার সামনেই রিকশা মামাকে বলতে শুরু করল,

"অ্যাই তোরে কোন সময় কইছি তেলের কথা? তেল ছাড়া আমি রান্ধুম ক্যাম্নে?"

উনি ভয়েভয়ে তেলের বোতলটা এগিয়ে দিলো।

"এইযে, তেল আনছি।"

"এখন তোর তেল আনার সময় হইলো? কয়টা বাজে দ্যাখছোস? তুই আয় আজকে ঘরে। আজকে তোর খাওন বন্ধ।"

বলে উনি চলে গেল। রিকশা মামা ইতস্তত করে বারবার আমার দিকে তাকাচ্ছে। বললাম,

"উনি কে?"

হাত কচলাতে কচলাতে বলল, "আমার বউ।"

সমাপ্ত
ইয়াছিন নাইম

লেখা

ভৌতিক ও অতিপ্রাকৃত ধারাবাহিক গল্পের লেখক

ফেসবুকে মূল পোস্ট

আরও গল্প

এমন আরও কিছু

সব গল্প
ছোটগল্প

একটা লোক আমার স্ত্রীর নাম্বারে প্রতিদিন…

একটা লোক আমার স্ত্রীর নাম্বারে প্রতিদিন ফোন দেয়। ফোনটা সাইলেন্ট করা থাকে। যাতে আমি টের না পাই। আমার মনে হয় মেহেরজান রাতে ঘুমায় না। চোখ বন্ধ করে কল আসার অপেক্ষা করতে থাকে। এত রাতে সে কার সাথে কথা বলে? আর ওই নাম্বার "বাবা" নামে সেইভ করা…

১৩ অক্টোবর ২০২৬৭ মিনিট পড়া
ছোটগল্প

আমাদের বাড়িতে একটা দোষী পুকুর আছে

আমাদের বাড়িতে একটা দোষী পুকুর আছে। সেটার ভয়ে বাবা আমাদেরকে নিয়ে ঢাকায় চলে এসেছিলেন। এখন আবার সেখানে ফিরে যেতে হচ্ছে। বাবা যদি জানতে পারেন তাহলে ঘর থেকেই বেরোতে দিবেন না। তাই মিথ্যে বলে যাচ্ছি। বাবা জানে কক্সবাজার যাব। কিন্তু যাচ্ছি আমাদের গ্রামে। যে…

১২ অক্টোবর ২০২৬৮ মিনিট পড়া
ছোটগল্প

বড়োআপার বিয়ে আটকে আছে অনেকদিন ধরে

বড়োআপার বিয়ে আটকে আছে অনেকদিন ধরে। লোকে বলে এর পেছনে জিনের হাত আছে। আপাকে কেউ সন্দেহ করে না। শুধু আমি জানি আপার সমস্যার কথা। এমন এক সমস্যা, যেটা কেউ কোনোদিন কল্পনাও করতে পারবে না। ব্যাপারটা আমি লক্ষ করি এক মাস আগে। তখন আপার…

১১ অক্টোবর ২০২৬৬ মিনিট পড়া